বাংলাদেশে ওয়াটারএইডের ৪০ বছর, লোগো উন্মোচন দিয়ে উদ্যাপন শুরু 25.06.2026

ওয়াটারএইড বাংলাদেশ সম্প্রতি বিশেষ লোগো উন্মোচনের মাধ্যমে তাদের ৪০ বছর পূর্তির বছরব্যাপী উদ্যাপন শুরু করেছে। প্রতিষ্ঠানটি ১৯৮৬ সাল থেকে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি, মর্যাদাপূর্ণ স্যানিটেশন ও স্বাস্থ্যকর হাইজিন নিশ্চিত করতে কাজ করে আসছে। লোগো উন্মোচন অনুষ্ঠানে ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ডা. খায়রুল ইসলাম, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, নেপাল ও পাকিস্তানের কান্ট্রি ডিরেক্টরসহ বর্তমান ও সাবেক সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা ভার্চুয়ালি যুক্ত হন।
ডা. খায়রুল ইসলাম বলেন, এই উদ্যাপন কৃতজ্ঞতা, আত্মবিশ্লেষণ ও নতুন অঙ্গীকারের মুহূর্ত। তিনি আশা করেন, ওয়াটারএইড বাংলাদেশ আরও অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার দৃঢ়ভাবে ব্যক্ত করবে। হাসিন জাহান বলেন, ৪০ বছরের পথচলা দেখিয়েছে যে ধারাবাহিক অঙ্গীকার ও অংশীদারত্ব মানুষের জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পারে। বিশেষ করে নারী, যুব ও প্রতিবন্ধীসহ প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ ওয়াটারএইডের কাজকে আরও অন্তর্ভুক্তিমূলক ও মানবিক করে তুলেছে।
বছরজুড়ে ওয়াটারএইড বাংলাদেশ নানা সম্পৃক্ততামূলক কার্যক্রমের মাধ্যমে সম্মিলিত অর্জন উদ্যাপন, অংশীদারত্বকে সম্মান জানানো এবং সবার জন্য ওয়াশ অধিকার এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে। ওয়াটারএইড একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যার লক্ষ্য পানির মাধ্যমে পৃথিবীতে ইতিবাচক পরিবর্তন আনা।














